রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ ঘোষণা
ছাত্রাবাসের খাবার নিয়ে রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দল শিক্ষার্থীর মধ্যে গতকাল সোমবার সংঘর্ষ হয়েছে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউটের চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। শহরের তাজহাটে অবস্থিত ইনস্টিটিউট ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে খাবার নিয়ে ষষ্ঠ সেমিস্টারের বুলবুল হোসেনের সঙ্গে চতুর্থ সেমিস্টারের ফিরোজ ও মোমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বুলবুলকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে দুই ব্যাচের শিক্ষার্থীরা সমবেত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে শিক্ষার্থী বুলবুল হোসেনসহ উভয় ব্যাচের ১০ জন আহত হন। বুলবুলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ ফণিভূষণ রায় জানান, পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠায় ইনস্টিটিউট আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।