রংপুর ক্যাডেট কলেজের উপাধ্যক্ষের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন (৫৪) ক্যাম্পাসের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত্যুর জন্য নিজেকে দায়ী করেছেন বলে পুলিশ জানিয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খবর পাওয়ার পর সেখানে গিয়ে সিলিং ফ্যান থেকে মরদেহ নামানো হয়। আত্মহত্যা করার আগে তিনি একটি চিঠি লিখে গেছেন। তাতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। জীবনে বাড়ি করতে পারিনি। শরীরের অবস্থাও ভালো নয়। তাই এ জীবনে বেঁচে থেকে লাভ নেই।’ তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে।কলেজের একটি সূত্র জানায়, তিনি পরিবার নিয়ে কলেজ ক্যাম্পাসের ওই বাড়িতে থাকতেন। বুধবার কলেজে পাঠদান শেষে নিয়মমাফিক বাড়ি ফেরেন। ওই দিন দিবাগত রাতে কোনো একসময় তিনি আত্মহননের পথ বেছে নেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।