রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত হয়েছে। শহরের নিসবেতগঞ্জে নির্মিত ‘রক্তগৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরের মানুষ বাঁশের লাঠি, তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে অনেকেই শহীদ হন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে শহরের নিসবেতগঞ্জ হাটের পাশে নির্মিত ‘রক্তগৌরব’ স্মৃতিস্তম্ভে গতকাল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিন মিয়া, সিটি করপোরেশনের ১৩ নম্বর ওযার্ড কাউন্সিলর ফজলে এলাহি। এ ছাড়া জরিমুননেছা উচ্চবিদ্যালয়, রাধাকৃষ্ণপুর স্কুল ও কলেজ, রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
এ ছাড়া বেলা ১১টায় স্মৃতিস্তম্ভ-সংলগ্ন নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যান্টনমেন্ট আক্রমণ স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে এক সমাবেশ হয়। সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান প্রমুখ।
২০০০ সালের ১৭ ফেব্রুয়ারি সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই ‘রক্তগৌরব’ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।