রংপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন
রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল গফুরের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ এনে গতকাল রোববার ক্রীড়ামোদীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে মানববন্ধন করা হয়। ‘দুর্নীতিবিরোধী জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়ামোদী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে ক্রীড়াসংগঠক ও সাবেক ফুটবলার জমসেদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্রীড়াসংগঠক নজমুল হক, কাশেম পাটোয়ারী, মোয়াজ্জেম হোসেন, সাদিকা সুলতানা, আলমগীর হোসেন, আবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল গফুর দুই বছর আগে নির্বাচিত হয়েছেন। তার পর থেকে এখানে কোনো খেলাধুলা নেই। ক্রিকেট ও ফুটবলের কোনো লিগ খেলা হয় না। অভিযোগ প্রসঙ্গে রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল গফুর টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ক্রীড়ামোদীরাই নির্বাচনের মাধ্যমে আমাকে ক্ষমতায় বসিয়েছেন। আর এমনিতেই খেলাধুলা কমে গেছে।’