রংপুর চিনিকলের এমডির বিরুদ্ধে কেন মামলা নয়, রুল আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাহেবগঞ্জ এলাকায় গত বছরের ৬ নভেম্বর সংঘর্ষের ঘটনার পর আলামত নষ্ট করায় রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে দণ্ডবিধি ২০১ ধারা অনুসারে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করার অভিযোগে ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার এ রুল দেন।

স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, গাইবান্ধার পুলিশ সুপার, গাইবান্ধার সদর থানার ওসিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সুগার মিলে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পরপর চিনিকল কর্তৃপক্ষ ওই এলাকায় ট্রাক্টর চালায়, যার কারণে আলামত নষ্ট হয়ে যায়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রকাশ দত্ত গত বছরের ডিসেম্বরে রিটটি করেন।

আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

সুপ্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, কী কারণে ওই কার্যক্রম পরিচালনা করা হয়েছে, তা জানিয়ে ৩০ দিনের মধ্যে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে ব্যাখ্যা আকারে জবাব দিতে বলা হয়েছে।