গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলে ৬ হাজার ৮৬৭ মেট্রিক টন চিনি অবিক্রীত পড়ে আছে। এই চিনির মূল্য প্রায় ২৫ কোটি টাকা। কিন্তু তা বিক্রি না হওয়ায় চিনিকলের ৮১২ জন শ্রমিক-কর্মচারীকে তিন মাস ধরে বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁদের বেতন-ভাতা বকেয়া হয়েছে প্রায় দুই কোটি টাকা।
চিনিকলের শ্রমিক ও মহিমাগঞ্জ গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৪৫) বলেন, ‘চাকরি করেও বেতন পাচ্ছি না। রমজান মাসে ধারদেনা করে সংসার চালাচ্ছি। বেতন চাইতে গেলে কর্তৃপক্ষ বলে, চিনি বিক্রি হলে বেতন পাবেন।’
চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, রমজান মাস চলছে। সামনে ঈদ। বোনাস পাওয়া দূরের কথা, এপ্রিল থেকে জুন—এই তিন মাসের বেতন-ভাতা ১ জুলাই পর্যন্ত পাননি। সব শ্রমিক-কর্মচারীর একই অবস্থা। ধারদেনা করে মানবেতর দিন কাটছে সবার।
চিনিকল সূত্রে জানা যায়, এই চিনিকলে কয়েক মৌসুম মিলিয়ে প্রায় ১০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। ১ জুলাই পর্যন্ত ৬ হাজার ৮৬৭ মেট্রিক টন অবিক্রীত ছিল। প্রতি মেট্রিক টন ৩৭ হাজার টাকা করে ধরলে এর মূল্য দাঁড়ায় প্রায় ২৫ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা। এই চিনিকলের ১৫ জন তালিকাভুক্ত ডিলার আছেন। তাঁদেরই এসব চিনি তোলার কথা। কিন্তু তাঁরা গত কয়েক মৌসুমে এক বস্তা চিনিও তোলেননি। রেশন দেওয়ার জন্য পুলিশ বিভাগ কিছু কিনেছে আর সরকার কিছু রপ্তানি করেছে। ফলে চিনি নিয়ে চিনিকল কর্তৃপক্ষ বিপাকে আছে।
মহিমাগঞ্জ এলাকার ডিলার মালিক আমিনুল ইসলাম বলেন, সরকার চিনিকলের যে দাম নির্ধারণ করে দিয়েছে, তার চেয়ে খোলাবাজারে চিনির দাম কম। চিনি তুললে লোকসান দিতে হবে।
রংপুর চিনিকল আখচাষি কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান অভিযোগ করেন, চিনি শিল্প সংস্থার ভুল নীতির কারণে রংপুর চিনিকলে এই বিপুল পরিমাণ চিনি অবিক্রীত রয়ে গেছে। বাজারে চিনির মূল্য নির্ধারণে সংস্থাটি বেসরকারি চিনিকলের সঙ্গে সমন্বয় করেনি। তাই চিনিকলকে বিপাকে পড়তে হয়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বলেন, সাধারণত চিনি বিক্রি করে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু চিনি বিক্রি না হওয়ায় বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। তবে শিল্প সংস্থা ঋণ করে তাঁদের বেতন-ভাতা পরিশোধের পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা-নিয়ন্ত্রিত চিনিকলগুলোতে উৎপাদিত প্রতি কেজি চিনির মূল্য প্রথমে নির্ধারণ করা হয়েছিল ৫০ টাকা। কিন্তু তখন বেসরকারি চিনিকলে উৎপাদিত চিনি প্রতি কেজি ৪০ টাকা করে বিক্রি হচ্ছিল। এ অবস্থায় গত দুই বছরে চিনি ও খাদ্য শিল্প সংস্থা চিনির দাম কেজিপ্রতি প্রথমে ৫০ থেকে ৪৫ টাকা, পরে ৪৫ থেকে ৪০ টাকা, সর্বশেষ ৩৭ টাকায় নামিয়ে আনে। তখন আবার বেসরকারি চিনিকলগুলো প্রতি কেজিতে চার থেকে পাঁচ টাকা দাম কমিয়ে দেয়। তিনি বলেন, বেসরকারি চিনিকলের সঙ্গে দাম সমন্বয় করতে গত ২৫ মে থেকে চিনি ও খাদ্য শিল্প সংস্থা প্যাকেটজাত করে খোলাবাজারে চিনি বিক্রির পরিকল্পনা হাতে নেয়। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি।