রংপুরের একমাত্র বিনোদন উদ্যান রংপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছে ২৩ বছর আগে। অথচ আজ পর্যন্ত পশুপাখির খাঁচাগুলো নতুন করে নির্মাণ বা মেরামত করা হয়নি। চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কের সরঞ্জামও আধুনিকীকরণ হয়নি। সেই সঙ্গে রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ।
রংপুর নগরে ২৩ একর জমির ওপর ১৯৯১ সালে চিড়িয়াখানার কার্যক্রম শুরু হয়। বর্তমানে দর্শনার্থীরা ১০ টাকা করে টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করেন। এর ভেতরে ছোট্ট শিশুপার্কে ঢুকতে চাইলে আবার পাঁচ টাকার টিকিট কাটতে হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত বছরই বিভিন্ন খাত থেকে ৪৭ লাখ ৮৩ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়। এর মধ্যে চিড়িয়াখানার গেট ৩৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। চিড়িয়াখানার ভেতরের লেকপুকুর তিন লাখ ৭২ হাজার টাকা, ক্যানটিন তিন লাখ ৬৫ হাজার টাকা, শিশুপার্ক তিন লাখ ২১ হাজার টাকা ও গাড়ি পার্কিং দুই লাখ ২৫ হাজার টাকায় ইজারা দেওয়া হয়।
বর্তমানে ৩০ প্রজাতির ১৯৫টি পশুপাখি রয়েছে। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে রয়েছে একটি করে বাঘ, হায়েনা, ঘড়িয়াল, কেশোয়ারি ও স্থল কাছিম, দুটি করে সিংহ, কুমির, ইমু, অজগর, চিল ও ইগল, চারটি করে বেবুন, মায়া হরিণ ও ময়ূর, পাঁচটি ভুটানি গরু, সাতটি শকুন, নয়টি বানর, ৪০টি চিত্রা হরিণ ও ৭০টি নিশি বক।
সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানার বেশির ভাগ খাঁচাই জীর্ণশীর্ণ হয়ে আছে। খাঁচাগুলোর চারদিকে ঝোপ-জঙ্গল। কুমির ও ঘড়িয়ালের খাঁচায় পর্যাপ্ত পানি নেই। দর্শনার্থীদের বসার জন্যও ভালো স্থান নেই।
কাউনিয়া উপজেলা থেকে সম্প্রতি দুই সন্তানকে নিয়ে বেড়াতে এসেছিলেন কৃষক শমসের মিয়া। তিনি বলেন, ‘গত দুই বছর আগে এসে যেসব পশুপাখি দেখেছিলাম, এখনো তাই দেখছি। ওই সময় টিকিট ছিল পাঁচ টাকা, এখন হয়েছে ১০ টাকা।’
পশুপাখির খাঁচাগুলো জরাজীর্ণ হওয়ায় খুব কাছে গিয়ে দেখতে ভয় করে বলে জানালেন রংপুর শহরের কেরানীপাড়ার গৃহিণী সামসুন্নাহার। শহরের নিউ শালবন এলাকার আরেক গৃহিণী লায়লা হাসান বলেন, চিড়িয়াখানায় নানা ধরনের অব্যবস্থাপনা রয়েছে। বিশ্রামের ভালো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের অবহেলা ও খামখেয়ালিপনা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী অভিযোগ করেন, এখানে ঘোরার সময় বখাটেরা উৎপাত করে। তেমন কোনো নিরাপত্তাব্যবস্থাও নেই।
শিশুপার্কের ইজারাদার শাকিল আহমেদ বলেন, ‘আমরা যথাসময়েই ইজারার টাকা দিই। কিন্তু বছরের পর বছর ধরে পার্কের কোনো উন্নয়ন নেই। এতে দর্শনার্থীরাও হতাশ হয়ে পড়ছেন।’
চিড়িয়াখানার কিউরেটর ফারুক হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রধান সহকারী নওশাদ আলী অব্যবস্থাপনার বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, বছরের পর বছর ধরে সরকার এই চিড়িয়াখানা থেকে বিপুল পরিমাণ টাকা রাজস্ব আদায় করলেও দীর্ঘ ২৩ বছরে একবারও কোনো উন্নয়ন করা হয়নি। তাই যতটুকু আছে তা দিয়েই কাজ চালাতে হচ্ছে।