রংপুর জিলা স্কুলের সম্মিলিত পুনর্মিলনী প্রস্তুতি সভা

বাংলাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ রংপুর জিলা স্কুলের সম্মিলিত পুনর্মিলনীর উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী ঈদ-উল-আজহার সময় দুই দিন ব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আজ শনিবার ঢাকার কারওয়ান বাজারের একটি মিলনায়তনে হয়ে গেল প্রস্তুতি সভা। সভায় অংশ নিয়েছিলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের ৭০ জন প্রতিনিধি।
প্রস্তুতি সভায় পুনর্মিলনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ২০০৭ সালে সর্বশেষ প্রায় সাত হাজার অংশগ্রহণকারীর বিশাল আয়োজনে উদ্যাপন করা হয়েছিল ১৭৫ বছর পূর্তি উৎসব। সেই উৎসবে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর করার পরিকল্পনা ছিল। সে লক্ষ্যেই এবার আরও বড় পরিসর ও আয়োজনে পুনর্মিলনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে সব ব্যাচের মধ্যে এ নিয়ে দারুণ সাড়া পাওয়া গেছে। পুনর্মিলনী সফল করতে সভায় নানা দিক-নির্দেশনা দেন আলোচকেরা। গঠন করা হয় ঢাকা ভিত্তিক একটি বিশেষ কমিটি। আগামী সোমবার ঢাকার সোবহানবাগে এই কমিটি আরও একটি প্রস্তুতি সভায় বসবে। জিলা স্কুলের বর্তমান ও সাবেক সব শিক্ষার্থী পুনর্মিলনী সম্পর্কে জানতে ও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এই ওয়েবসাইটে: rzsreunion.com। পাশাপাশি ফেসবুকের এই ইভেন্টেও যোগ দিতে পারেন: http://tinyurl.com/z6ru9ts।