রংপুর জেলা ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে রংপুর জেলা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ওই দুই নেতা হলেন রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও আইনবিষয়ক সম্পাদক সোহেল রানা।
এ ব্যাপারে ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সম্প্রতি এই দুই ছাত্রনেতা সংগঠনবিরোধী কর্মকাণ্ড করেছেন। কেন্দ্রীয় কমিটি জানার পর ৯ ডিসেম্বর তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। বিষয়টি শনিবার রাতে কেন্দ্র থেকে জানানো হলে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও আইনবিষয়ক সম্পাদক সোহেল রানা কয়েকজন সন্ত্রাসী নিয়ে ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাতের ওপর হামলা চালিয়ে তাঁকে জখম করেন। এ ঘটনায় ইয়াছিন বাদী হয়ে ওই দিন রাতেই মনির ও সোহেলসহ ছয়জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। মনির ও সোহেল বৃহস্পতিবার আদালতে জামিন নিতে গেলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।