রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী উধাও
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানার (জেএম) একটি আলমারি ভেঙে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর ও সঞ্চয়পত্র উদ্ধারের পর থেকে ওই শাখার কর্মচারী শামসুল ইসলাম (৪৮) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজছে। শামসুল ইসলামকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য চন্দ্র রায় বাদী হয়ে ১৮ মে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
জেলা প্রশাসন ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রানীতি শামসুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধভাবে ভুয়া আগ্নেয়াস্ত্র লাইসেন্স দিয়ে আসছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ১৬ মে থেকে তিনি (শামসুল) কার্যালয়ে আসা বন্ধ করে দেন। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। নগরের খোর্দ্দ তামপাট এলাকায় তাঁর বাড়িতে জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে লোক পাঠিয়েও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে ১৭ মে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জেলা প্রশাসক অভিযুক্ত ওই কর্মচারীর কক্ষের আলমারির তালা ভাঙেন। সে সময় আলমারি থেকে নগদ ৭ লাখ ১০০ টাকা, শামসুল ইসলামের নামে ১১ লাখ (একটি পাঁচ লাখ ও অপরটি ছয় লাখ) টাকার দুটি এফডিআর এবং ২ লাখ টাকার সঞ্চয়পত্র পাওয়া যায়। সেই সঙ্গে বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের ১৫টি অবৈধ লাইসেন্স জব্দ করা হয়।
উদ্ধার করা এসব অর্থ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আর অবৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখায় রাখা হয়েছে।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ও ইস্যু কাজে তিনি (শামসুল) জেএম শাখার অফিস সহকারী হিসেবে কাজ করতেন। এ সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্স দিয়েছেন। এসব কাজ করতে গিয়ে তিনি নিজে অবৈধভাবে সিল তৈরি করে জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, এসব আগ্নেয়াস্ত্র করে দিতে তিনি একেকজনের কাছ থেকে ২ থেকে ৩ লাখ টাকা করে নিতেন।
অভিযুক্ত শামসুল এই জেএম শাখায় ২০০৩ সালের ২ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৬ জুলাই এবং ২০১১ সালের ১৭ মে থেকে বর্তমান পর্যন্ত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রানীতি পদে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, মামলার বিষয়টি দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর কার্যালয়ে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত শামসুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী বলেন, শামসুলের বাড়িতে অভিযান চালিয়ে ’৮৫-৮৬ সালে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার অনেক পুরোনো কাগজপত্র, বিভিন্ন আবেদন ও ভুয়া সিল উদ্ধার করা হয়েছে। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তিনি পলাতক।
জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ওই কর্মচারী পলাতক। তাঁর মুঠোফোনও বন্ধ। তিনি আরও বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রবিউল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত কর্মচারী শামসুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ পর্যন্ত কতগুলো অবৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স করা হয়েছে—এমন এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখছে। সময় এলে সব জানানো হবে।