কমিটি গঠন নিয়ে রংপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছে। অগণতান্ত্রিকভাবে কমিটি গঠনের অভিযোগ তুলে বিএনপির একটি পক্ষের নেতা-কর্মীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রহিম উদ্দিন ভরসার পদত্যাগ দাবি করেছেন। বুধবার দুপুরে তাঁরা শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। এতে গঙ্গাচড়া ও মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক যথাক্রমে ওয়াহেদুজ্জামান ও শাহ মো. শাহজাহানসহ আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অগণতান্ত্রিক পন্থায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জের কমিটি গঠন করেছেন। এ কমিটি গঠন করা নিয়ে জেলা কমিটির কোনো সভা করা হয়নি। জেলা কমিটির সভার সিদ্ধান্ত ছাড়া কোনো উপজেলার নতুন কমিটির অনুমোদন দেওয়া যায় না। কমিটি গঠন নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার ঘটনায় একদিকে রয়েছেন রহিমউদ্দিন ভরসা, অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির জ্যেষ্ঠ আহ্বায়ক মোজাফফর হোসেন ও যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান। মোজাফফর হোসেন বলেন, আহ্বায়কের একক সিদ্ধান্তে দল চলতে পারে না। গঙ্গাচড়া উপজেলায় গত ১৩ ফেব্রুয়ারি দলের সম্মেলন আহ্বান করেন রহিম উদ্দিন ভরসার পক্ষের এরশাদুল হক। এ সম্মেলনের বিরোধিতা করেন মোফাফফর হোসেনের পক্ষের ওয়াহেদুজ্জামান। সম্মেলন শুরু হওয়ার আগে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়। রহিম উদ্দিন ভরসার পক্ষের এরশাদুল হক বলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিমউদ্দিন ভরসা তাঁকে আহ্বায়ক করেছেন।মোজাফফর হোসেনের পক্ষের ওয়াহেদুজ্জামান নিজেকে উপজেলা আহ্বায়ক হিসেবে দাবি করে জানান, দলের নেতা-কর্মীদের না জানিয়ে আরেকটি আহ্বায়ক কমিটি গঠন করলে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। তিনি দাবি করেন, ‘সম্মেলন করতে হলে আমরাই করব।’আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা জানান, তিনি বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করে দিয়েছেন। কমিটিগুলো অগণতান্ত্রিক পন্থায় করা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।