রংপুর টাউন হল, গ্রন্থাগার শহীদ মিনার রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের ঐতিহ্যবাহী টাউন হল, পাবলিক লাইব্রেরি ও কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে শিল্পকলা ভবন নির্মাণের চেষ্টার প্রতিবাদে গতকাল রোববার নাগরিক কমিটি বিক্ষোভ প্রদর্শন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। বিক্ষোভে জেলার বিভিন্ন সংগঠনের নেতারাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতি ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, রংপুরের ঐতিহ্যবাহী টাউন হলে অবিভক্ত ভারতবর্ষের বরেণ্য কবি-সাহিত্যিকেরা নানা অনুষ্ঠান করেছেন। এখানে দুই বাংলার কবি-সাহিত্যিকদের সাহিত্য সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান হয়েছে। এখনো রংপুরের নানা ধরনের অনুষ্ঠানের জন্য এই হলটি একমাত্র ভরসা। এটি ভাঙা হলে এখানকার সাহিত্য ও সংস্কৃতিচর্চা বন্ধ হওয়ার উপক্রম হবে। টাউন হলের পাশে রংপুরের প্রাচীন পাবলিক লাইব্রেরি অবিভক্ত ভারতবর্ষের অন্যতম একটি প্রাচীন লাইব্রেরি। এই লাইব্রেরির এক অংশে বঙ্গীয় সাহিত্য পরিষদের কলকাতার বাইরে প্রথম শাখা সংগঠন ছিল। এই পাবলিক লাইব্রেরির পাশেই রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রংপুরের মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদারের মা দিপালী সমজদার। এসব ঐতিহ্যবাহী ভবন ও স্থাপনা ধ্বংস না করে অন্য স্থানে শিল্পকলা ভবন নির্মাণ করা যেতে পারে বলে নাগরিক কমিটির নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন। এসব স্থাপনা ভাঙা হলে সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয় স্মারকলিপিতে। জেলা প্রশাসক বি এম এনামুল হক স্মারকলিপি গ্রহণের সময় বলেন, কোনো কিছু করতে গেলে আলোচনা করেই করা হবে।