রংপুর-ঢাকা দিবাকালীন আন্তনগর ট্রেন দাবি
রংপুর থেকে দিবাকালীন আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ। ১৫ দিনের মধ্যে ট্রেন চালুর ঘোষণা দেওয়া না হলে রেলওয়ে স্টেশনে দিনব্যাপী অবস্থান ও অবরোধের ডাক দেওয়া হয়েছে ওই কর্মসূচি থেকে।
রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে ক্রীড়া সংগঠক আ ক ম শামীম খান, সাংবাদিক আফতাব হোসেন, সংস্কৃতিকর্মী মাহমুদুন নবী, মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহাজাদা আরমান, মহানগর যুবদলের সদস্য আবদুল মতিন, ব্যবসায়ী আবদুর রহমান, জাসদ (ইনু) ছাত্রলীগের মহানগর সভাপতি ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, দেশের অন্যান্য বিভাগে নতুন ট্রেনের বরাদ্দ থাকলেও রংপুর বিভাগীয় শহরের জন্য কোনো বরাদ্দ থাকছে না। এ অবস্থায় রংপুরের মানুষ হতাশ।
পরে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম মাহবুব-উল-করিম ও রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক শেখ আবদুল জব্বারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।