রংপুর-ঢাকা বাস চলাচল বন্ধ
রংপুরে গতকাল মঙ্গলবার থেকে ঢাকাগামী বাসের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়ন গত সোমবার রাত ১১টায় এই পরিবহন ধর্মঘট আহ্বান করে।
৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ও শ্রমিক ইউনিয়ন নেতার তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও মালিক পক্ষ তা দেয়নি। এর প্রতিবাদে শুধু ঢাকাগামী বাসের ধর্মঘট আহ্বান করা হয়েছে।
পরিবহন ধর্মঘটের কারণে গতকাল রংপুর থেকে ঢাকা ও ঢাকা থেকে রংপুরে কোনো বাস চলাচল করেনি। এর ফলে যাত্রীদের চরম ভোগান্তি হয়েছে। তবে রংপুরের ওপর দিয়ে অন্যান্য এলাকা ও আন্তজেলার বাস চলাচল করেছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদ বলেন, গত সোমবার মোটর মালিক সমিতির নেতাদের সঙ্গে রাত আটটায় সার্কিট হাউসে মালিক-শ্রমিক নেতাদের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। সভায় উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রমুখ।