রংপুর থেকে অপহূত কিশোর নারায়ণগঞ্জে উদ্ধার
রংপুর থেকে অপহূত কিশোর আরিফ সরকারকে (১৫) নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে উদ্ধার করেছে র্যাব।গত রোববার র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির একটি দল চাষাঢ়ায় অভিযান চালিয়ে আরিফকে উদ্ধার করে।আরিফ সরকারের বাড়ি রংপুরের গঙ্গাচর চরআনী বেতগড়ী এলাকায়।গতকাল সোমবার র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মেজর আবু সাঈদ সংবাদ সম্মেলনে বলেন, ১৪ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচর চরআনী বেতগড়ী এলাকা থেকে আরিফকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। ১৮ সেপ্টেম্বর আরিফের মুঠোফোন দিয়ে তার ভাইয়ের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আরিফের স্বজনেরা বিষয়টি র্যাবকে জানায়। পরে পরিকল্পনা অনুযায়ী আরিফের স্বজনেরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আরিফের নামে ৮৫ হাজার টাকা পাঠায়। রোববার সন্ধ্যা ছয়টার দিকে অপহরণকারীরা আরিফকে সঙ্গে নিয়ে চাষাঢ়ায় কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে টাকা তুলতে এলে র্যাব সদস্যরা আরিফকে উদ্ধার করেন। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।