রংপুর থেকে অপহৃত দুই শিশু শেরপুর ও জয়পুরহাটে উদ্ধার
রংপুরের পীরগাছা থেকে অপহরণ হওয়া সাড়ে চার বছরের এক শিশুকে পুলিশ গতকাল শনিবার বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করেছে। এদিকে গত শুক্রবার বদরগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে জয়পুরহাট থেকে উদ্ধার করা হয়েছে।
পীরগাছা থেকে অপহৃত শিশুর নাম সেতু মনি। সেতু পীরগাছা থানার মল্লিকপাড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের মেয়ে।
আবুবক্কর বলেন, তাঁর ভাতিজি জামাই আলমাছ হোসেন বুধবার বেড়ানোর নাম করে সেতু মনিকে বাড়ি থেকে নিয়ে যায়। সন্ধ্যার পরও ফিরে না এলে তিনি আলমাছের সঙ্গে যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পান। ওই দিন রাতে তিনি পীরগাছা থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার রাতে আলমাছের মুঠোফোন খোলা পেয়ে তিনি মেয়ের সন্ধান চান। আলমাছ ২৫ হাজার টাকা চেয়ে সেতুকে শেরপুরে এসে নিয়ে যাওয়ার কথা বলেন।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল শেরপুর উপজেলার বিরইল এলাকায় একটি হোটেলের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় পুলিশ পীরগাছা থানার মাছুয়াপাড়া গ্রামের আলমাছ হোসেন (৩০) ও পাবনার আটঘরিয়া থানার চন্ডিবাসা গ্রামের সাবিনা খাতুনকে (২৫) গ্রেপ্তার করে।
শেরপুর থানার উপপরিদর্শক ফিরোজ কবির বলেন, আটক সাবিনা সেতুকে নিজের মেয়ে বলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেতুকে অপহরণের ঘটনায় পীরগাছা থানায় গতকাল শনিবার অপহরণের মামলা হয়েছে। সেতুকে ওই থানা-পুলিশের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে।
অপর ঘটনায় অপহৃত ফাহিম মোনায়েম (৮) রংপুরের বদরগঞ্জের আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা বলে, শুক্রবার সকালে ফাহিম বাড়ির পাশের মাঠে খেলতে যায়। এ সময় শফিকুলের চাচাতো ভাই আউয়াল হোসেন (২২) ফাহিমকে নিয়ে সৈয়দপুরে যায়। সেখান থেকে পার্বতীপুর হয়ে তাঁরা ট্রেনে উঠে অজ্ঞাত স্থানে যেতে থাকে।
ওই ট্রেনে থাকা জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী সাগর হোসেন বলেন, ট্রেনটি বিরামপুর ছেড়ে যাওয়ার সময় হঠাৎ শিশুটি তাঁর পাশে এসে বসে। শিশুটি বলে সে তাঁর চাচার সঙ্গে বদরগঞ্জে যাচ্ছে। কিন্তু ট্রেন বদরগঞ্জের উল্টো দিকে যাচ্ছিল। এতে তাঁর সন্দেহ হয়। এদিকে শিশুটির চাচা না আসায় তিনি তাকে তাঁর মেসে নিয়ে যান। পরে শিশুর বাবার খোঁজ পান।
এদিকে শুক্রবার রাতেই আউয়াল হাটখোলাপাড়া গ্রামে ফিরে আসেন। পরে গ্রামবাসী তাঁকে মারধর করে থানায় সোপর্দ করে।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক তৈয়ব আলী বলেন, ওই ঘটনায় থানায় শিশুর বাবা শফিকুল ইসলাম আউয়ালের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন। আউয়ালকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।