রংপুর থেকে জাতীয় নদী অলিম্পিয়াডের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে গতকাল বৃহস্পতিবার বিভাগীয় জাতীয় নদী অলিম্পিয়াড শুরু হয়েছে। রিভারাইন পিপল ও সমকাল পত্রিকার যৌথ আয়োজনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে গতকাল সকালে নদী অলিম্পিয়াডের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতহারুল ইসলাম। উদ্বোধনের পর সকাল ১০টায় অলিম্পিয়াডের লিখিত প্রতিযোগিতা শুরু হয়। ২০০ প্রতিযোগীর মধ্যে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর উন-নবী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, একই সংগঠনের সিনেটর এস এস আব্রাহাম লিংকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন শিমুল মাহমুদ, সমকাল-এর সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম।