রংপুর নগরে আজ থেকে নতুন ট্রাফিক-ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে রংপুরে আজ সোমবার চালু হচ্ছে নতুন ট্রাফিক–ব্যবস্থা। নগরকে যানজটমুক্ত করতে ও নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নিয়েছে রংপুর ট্রাফিক পুলিশ।
নতুন ট্রাফিক–ব্যবস্থায় শহরের মাহিগঞ্জ থেকে কামালকাছনা হয়ে জাহাজ কোম্পানি মোড় যেতে সব যান্ত্রিক যানবাহন গুপ্তাপাড়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে থামবে। হারাগাছ থেকে শালবন হয়ে পায়রা চত্বরের দিকে যেতে সেন্ট্রাল রোডের কাস্টমস অফিসের সামনে, শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি অভিমুখী গ্র্যান্ড হোটেল মোড়ে ও কাচারি বাজার থেকে শহরে যেতে টাউন হলের সামনে থামবে গাড়ি।
এ ছাড়া নতুন ব্যবস্থায় কাচারি বাজার থেকে লক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে গোমস্তাপাড়া হয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে বেরিয়ে যেতে পারবে যানবাহন। রংপুর টাউন হলের মাঠ, জিলা পরিষদ কমিউনিটি মার্কেটের মাঠ ও গোমস্তাপাড়া পুলিশ মাঠে অস্থায়ীভাবে গাড়ি পার্কিং করা যাবে।
পুলিশ সূত্র জানায়, নগরের প্রধান প্রধান বিপণিবিতান যেখানে মানুষের সমাগম বেশি হয়, ইতিমধ্যে সেসব এলাকায় ট্রাফিক–ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপণিবিতান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সব রাস্তায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে রিকশা ও মোটরসাইকেল।
জানতে চাইলে রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘নগরবাসীর চলাচলের সুবিধার্থে নতুন ট্রাফিক–ব্যবস্থা চালু করা হলো। আশা করছি, শহরে কেনাকাটা করতে যাওয়ার জন্য যানবাহনের চাপ থাকবে না। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’