রংপুর নগরে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বর্ষণে রংপুর নগরের অধিকাংশ পাড়া-মহল্লায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাসহ বাসাবাড়িতে পানি উঠেছে। নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বেড়েছে জনদুর্ভোগ।
এদিকে শহরের ভেতর দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল ও পয়োনিষ্কাশনের নর্দমাগুলো উপচে পড়ছে।
গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন দিন ধরে ভারী বর্ষণে নগরের নিউ জুম্মাপাড়া, জলকর, নীলকণ্ঠ, মেডিকেল পূর্বগেটের ভগি, বাবুখা, গণেশপুর, মুলাটোল, মুন্সিপাড়া, কেরানীপাড়া, রামপুরা, আলমনগর, নিউ শালবন, শালবন মিস্ত্রিপাড়া, কামালকাছনা, বৈরাগীপাড়া, রবার্টসনগঞ্জ, মণ্ডলপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কামারপাড়াসহ আরও বেশ কিছু এলাকার বাড়িঘরসহ আঙিনায় পানি উঠেছে।
গত ৪৮ ঘণ্টায় রংপুরে ৩৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে রংপুর আবহাওয়া কার্যালয় থেকে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের কোতোয়ালি থানার সামনের সড়কে হাঁটুপানি। সড়ক দিয়ে রিকশাসহ অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। শহরের মুলাটোল বাজারের সামনের সড়কটিতেও হাঁটুপানি। এর ফলে বাজারের কেনাবেচা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এসব এলাকার লোকজন বাড়ির বাইরে তেমন একটা বের হচ্ছেন না।
শহরের কেরানীপাড়ার কেরামতিয়া মসজিদের পেছনে প্রায় ১০০ পরিবারের সব বাড়িতেই পানি উঠেছে। এই এলাকার অনেক পরিবার পাশের কেরামতিয়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এখানকার ভুক্তভোগী এক গৃহিণী মিনা বেগম। তিনি বলেন, ‘বৃষ্টি হলেই আমাদের এখানে পানি জমে যায়। তার ওপর ভারী বৃষ্টি। রোদ ছাড়া এ পানি সরে যাওয়ারও কোনো উপায় নেই। জলাবদ্ধতায় কষ্ট করে বসবাস করতে হচ্ছে।’
রংপুর মেডিকেলের পূর্ব দিকের ভগি এলাকার সড়ক ও অধিকাংশ বাড়িতেই পানি উঠেছে। এ এলাকার বাসিন্দা চাকরিজীবী জিল্লুর রহমান বলেন, বাড়িতে পানি, রাস্তায় পানি। কী যে দুর্ভোগ হয়েছে!
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, বৃষ্টিতে এত পানি হয়েছে যে, পয়োনিষ্কাশনের নর্দমাগুলোও উপচে গেছে। পানিনিষ্কাশন হবে কী করে?