রংপুর নগরে দেড় কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সিও বাজার থেকে বানিয়াপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সিও বাজার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তরের পাশ দিয়ে বানিয়াপাড়া যেতে সড়কটি ছোট-বড় খানাখন্দে ভরা। সড়কের প্রায় পুরোটাতেই কার্পেটিং ও ইট উঠে গেছে। সড়কটি দিয়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা যেতে চায় না। এর ফলে জনগণের ভোগান্তির শেষ নেই। সড়কটি সিটি করপোরেশন এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই সড়কের দুই পাশে এবং বানিয়াপাড়া এলাকায় আড়াই হাজার পরিবারের আট হাজারের বেশি মানুষ বাস করে। দীর্ঘ নয় বছর ধরে সড়কটির বেহাল দশা ঘুচছে না।
স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কের দৈন্যদশা দূর করতে এলাকাবাসী একাধিকবার সাবেক পৌরসভার মেয়রের কাছে দেন-দরবার করেছেন। কিন্তু তাঁদের দাবি বারবার উপেক্ষা করা হয়েছে। বানিয়াপাড়া এলাকার চিকিৎসক আলেমুল বাশার বলেন, অনেক রাস্তা সংস্কার হয়েছে। কিন্তু এই রাস্তাটি ভালো করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন বলেন, সামান্য একটি রাস্তা ভালো হয় না! রাস্তা নিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকে।
কলেজশিক্ষার্থী ফারুক ফয়সাল বলেন, রাস্তার খানাখন্দে বর্ষা মৌসুমে চলাচল আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই এলাকার সাবেক কাউন্সিলর নূর মোহাম্মদ বলেন, ‘এলাকার লোকদের কাছে মুখ দেখাতেও লজ্জা লাগে। সাবেক মেয়রের দপ্তরে আমি নিজেও বলতে বলতে হয়রান হয়েছি।’
এই এলাকার বর্তমান কাউন্সিলর গোলাম কবির বলেন, ‘চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই সড়কের বেহাল দশা দূর করতে।’ সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘এই সড়কটির বেহাল দশা দেখেছি। নগরের বিভিন্ন সড়কের বেহাল দশা দূর করতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। আশা করি, এই সড়কটিও শিগগির ভালো করা হবে।’