রংপুর নগরে পুলিশের ১৪টি অস্থায়ী ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে রংপুর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশ প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে ১৪টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ও ১২টি ভ্রাম্যমাণ টহল দলের কার্যক্রম শুরু হয়েছে।
এসবের পাশাপাশি কেনাকাটা করতে আসা লোকজন যাতে শান্তিতে চলাফেরা করতে পারে, সে জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে গতকাল বুধবার থেকে।
পুলিশ সূত্র জানায়, মেডিকেল মোড়, আর্মি চেকপোস্ট, কেন্দ্রীয় বাস টার্মিনাল, জিলা স্কুলের মোড়, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, গ্রহ হোটেল মোড়, কৃষি ফার্ম, পার্ক মোড়, মডার্ন মোড় ও সাতমাথা এলাকায় এসব অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া দিন-রাতে ১২টি ভ্রাম্যমাণ পুলিশের সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, মানুষের জানমালের নিরাপত্তা বিধানে এসব অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশেরও নজরদারি রয়েছে বিপণিবিতানসহ সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে।