রংপুর নগরের মধ্যে সেতুর এমন দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের ৩২ নম্বর ওয়ার্ডের সরেয়ারতল এলাকার খোকসা ঘাঘট খালের ওপর নির্মিত সেতুটি দুই বছর ধরে বেহাল। এর উত্তর প্রান্তের প্রায় ১০ ফুট অংশ ভেঙে গেছে। কাঠের খুঁটি ও পাটাতনের জোড়াতালি দিয়ে চলছে যানবাহন। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রংপুর নগরের ৩২ নম্বর ওয়ার্ডের সরেয়ারতল এলাকার খোকসা ঘাঘট খালের ওপর নির্মিত সেতুটি দুই বছর ধরে বেহাল। এর উত্তর প্রান্তের প্রায় ১০ ফুট অংশ ভেঙে গেছে। কাঠের খুঁটি ও পাটাতনের জোড়াতালি দিয়ে চলছে যানবাহন। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

রংপুর নগরের সরেয়ারতল এলাকায় খোকসা ঘাঘট খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার না করায় ঝুঁকি নিয়েই জনগণকে চলাচল করতে হচ্ছে।
চিনিয়াপাড়া এলাকার ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘দুই বছর ধরে ব্রিজটা (সেতু) ভাঙা। ভালো করবে বলে খালি শোনা যায়। কিন্তু আর ভালো হয় না। এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে অনেক দুর্ঘটনাও ঘটেছে। মালামাল নিয়ে অন্য কোনো গাড়ি চলাচল করতে পারে না।’
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, নগরের ৩২ নম্বর ওয়ার্ডের সরেয়ারতল এলাকায় খোকসা ঘাঘট খালের ওপর উত্তর-দক্ষিণে নির্মিত সেতুটি প্রায় ৪০ ফুট দীর্ঘ। এর উত্তর প্রান্তের প্রায় ১০ ফুট ভেঙে গেছে। ভাঙা অংশে কাঠের পাটাতন দিয়ে সেতু ও সড়কের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। কাঠের পাটাতন চওড়ায় সেতুর প্রায় অর্ধেক। এতে সেতু দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারে না।
এলাকাবাসী জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানগাড়ি কোনোরকমে যাতে চলাচল করতে পারে এ জন্য তাঁরা এ কাজ করেছেন। তাঁদের অভিযোগ, দুই বছর ধরে এই সেতুটি সংস্কার কিংবা মেরামত করা হচ্ছে না। অথচ এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে নগরের চিনিয়াপাড়া, ডিমলা রাজবাড়ি, রঘু, আবদুল্লাহ ও সরেয়ারতল এলাকার প্রায় চার হাজার পরিবারের লোকজন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অন্য গাড়ি নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে মাহিগঞ্জ তাজহাট ও দমদমা দিয়ে যাতায়াত করতে হয়।
ডিমলা রাজবাড়ি এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রথীন্দ্রনাথ রায় বলেন, ‘ঝুঁকিপূর্ণ এই সেতুটি সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী সিটি করপোরেশনের কাউন্সিলরের কাছে আবেদন করেছেন। ভালো করা হবে বলে শুধু আশ্বাস দেওয়া হয়। কিন্তু ভালো আর হয় না। আমরা এই সেতুটি আর ঝুঁকিপূর্ণ দেখতে চাই না। অবিলম্বে মেরামত চাই।’
রঘু এলাকার উন্নয়নকর্মী পিঞ্জিরা বেগম বলেন, এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ চলাচল করে। কত দুর্ভোগ, কত বিড়ম্বনা। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও যেতে পারে না।
সিটি করপোরেশনের ওই এলাকার (৩২ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর আবুল কাশেম বলেন, সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এটি মেরামত হবে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, খুব শিগগির এই সেতুর সংস্কার করা হবে।