রংপুর-নীলফামারীর সরকারি হাসপাতালে রেফারেল পদ্ধতি
স্বাস্থ্য অধিদপ্তর রংপুর ও নীলফামারীতে চিকিৎসাসেবায় কাঠামোগত রেফারেল পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। এই দুই জেলার কমিউনিটি ক্লিনিকসহ সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষামূলক পদ্ধতি চালু হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাকক্ষে কাঠামোগত রেফারেল পদ্ধতি নিয়ে এক কর্মশালায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা এ কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে বিএমএর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, কার্যকর রেফারেল পদ্ধতি রোগী ও চিকিৎসক উভয়ের স্বার্থ করা। তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো ও চিকিৎসকদের উদ্বুদ্ধ করা দরকার।
অনুষ্ঠানে বলা হয়, মানুষ কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেবার জন্য আসে। প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব না হলে রোগীকে ঊর্ধ্বতন হাসপাতাল, অর্থাৎ সদর বা জেলা হাসপাতালে পাঠানো হবে। জেলা হাসপাতালে সেবা দেওয়া সম্ভব না হলে মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে। এই পুরো প্রক্রিয়াটা হবে নির্দিষ্ট নিয়মনীতি ও প্রয়োজনের ওপর ভিত্তি করে। অতিসাধারণ কোনো সমস্যা নিয়ে বিশেষায়িত হাসপাতালে যাওয়ার দরকার নেই।
মূল উপস্থাপনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মো. শামিউল ইসলাম বলেন, রেফারেল পদ্ধতিতে একজন সাধারণ ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠান, একজন বিশেষজ্ঞ অন্য বিশেষজ্ঞের কাছেও রোগী পাঠান। এমনকি এক হাসপাতাল অন্য হাসপাতালেও রোগী পাঠায়।
অনুষ্ঠানে ঢাকা শহরের বড় বড় সরকারি ও বেসরকারি হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং রংপুর ও নীলফামারীতে থেকে আসা কর্মকর্তারা বক্তব্য দেন।