রংপুর-পার্বতীপুর পথে রাতে ট্রেন চলে না এক বছর
কাউনিয়া-রংপুর-পার্বতীপুর পথে প্রায় এক বছর ধরে রাতে কোনো ট্রেন চলাচল না করায় কাউনিয়া, মীরবাগ, রংপুর, শ্যামপুর, আউলিয়াগঞ্জ, বদরগঞ্জ, খোলাহাটি ও পার্বতীপুর এলাকার যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। রাতে এই পথে আগে পার্বতীপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেসসহ তিনটি ট্রেন নিয়মিত চলাচল করত। পাঁচ মাস আগে পার্বতীপুর এক্সপ্রেস, দুই বছর আগে মিশ্র ট্রেন এবং প্রায় এক বছর আগে বুড়িমারী এক্সপ্রেস চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মাজেদ জানান। বদরগঞ্জের তৈরি পোশাক ব্যবসায়ী সোহেল রানা (৩৩) বলেন, ‘রাতে কাউনিয়া থেকে রংপুর হয়ে পার্বতীপুর পথে কোনো ট্রেন চলাচল না করায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।’জানা গেছে, সান্তাহার থেকে প্রতিদিন বেলা একটা ২০ মিনিটে দোঁলনচাপা এক্সপ্রেস ছেড়ে এসে রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় বিকেল পাঁচটা ৫০ মিনিটে। এরপর কাউনিয়া-রংপুর-পার্বতীপুর পথে পরদিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর কোনো ট্রেন চলাচল করে না। বদরগঞ্জ গণ-উন্নয়ন পরিষদের আহ্বায়ক আতাউর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্রেনগুলো চালুর দাবিতে আন্দোলন করছি। কিন্তু গণমানুষের দাবি উপেক্ষা করছে সরকার। ট্রেনগুলো চালু না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল মাজেদ বলেন. ‘মানুষের দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। ভাবতে অবাক লাগে, কাউনিয়া-রংপুর-পার্বতীপুর পথে রাতে কোনো ট্রেন চলাচল করে না। এতে মানুষকে দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই পথে চলাচলকারী প্রতিটি ট্রেন লাভজনক হওয়ার পরও তা বন্ধ করে দেওয়া হয়।’ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই বলেন, ‘জনবল সংকটের কারণে বন্ধ থাকা ট্রেন চালু করা সম্ভব হচ্ছে না। তবে জনবল পেলে অবশ্যই ওই পথে জনগুরুত্বপূর্ণ ট্রেনগুলো চালুর ব্যবস্থা করা হবে।