রংপুর পৌরসভার পানিতে ময়লা, দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০-১২ দিন ধরে রংপুর পৌরসভার সরবরাহ করা পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত। এ ছাড়া অধিকাংশ লোক পৌরসভার পানি-সুবিধা থেকে বঞ্চিত। পৌরসভার পানি সরবরাহ শাখা সূত্র জানায়, পৌর এলাকার প্রায় ৩২৫ কিলোমিটার সড়কের মধ্যে ১৩৫ কিলোমিটার সড়কে পানির পাইপলাইন রয়েছে। পৌর এলাকার ৯০ হাজার বাড়ির মধ্যে পৌরসভার পানির সংযোগ আছে মাত্র সাড়ে পাঁচ হাজার বাড়িতে। প্রতিদিন চার ঘণ্টা করে দুই দফায় এই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।সরেজমিনে জানা গেছে, বিভিন্ন এলাকায় পাইপলাইনে ঘোলা এবং দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছে পৌরবাসী। এই পানি ব্যবহার করা যাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেছে। ইসলামবাগের হনুমানতলার গৃহিণী সাহিদা আক্তার বলেন, পাইপলাইনের পানি একদম ঘোলা, যা ব্যবহার করা যায় না। মায়া রানী দাস বলেন, পানি ভালো না হওয়ায় অন্যের বাড়ির নলকূপ থেকে কষ্ট করে পানি আনতে হচ্ছে। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে সম্প্রতি ওই এলাকার লোকজন শত শত লোকের স্বাক্ষর নিয়ে পৌর মেয়র ও পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেছে। পানি নিয়ে দুর্ভোগের চিত্র তুলে ধরে শহরের মুন্সিপাড়া, কেরানীপাড়া, মুলাটোল, গণেশপুর, সেনপাড়া, গুপ্তপাড়াসহ বিভিন্ন মহল্লার ভুক্তভোগী নাগরিকেরা।শহরের শালবন এলাকার সাজ্জাদ হোসেন বলেন, ‘পানির কষ্ট দূর করতে এলাকার কাউন্সিলরকে বলতে বলতে হয়রান হয়ে গেছি।’ এদিকে শহরের ধাপ, হাজিপাড়া, সর্দারপাড়া, রঘুনাথপুর, চওড়াপাড়া, কেল্লাবন্দ এলাকা নিয়ে গঠিত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চার ভাগের তিন ভাগ, ২ নম্বর ওয়ার্ডের সাতগাড়া, পার্বতীপুর, বালাপাড়া, রামপুরাসহ আরও কিছু এলাকা, ৪ নম্বর ওয়ার্ডের নীলকণ্ঠ, আটিয়াটারী, চিকলী ও জলকর এলাকার কিছু অংশ, ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খাসবাগ থেকে মাহিগঞ্জ সাতমাথা এবং আরও অনেক এলাকায় পানির সংযোগ নেই।সর্দারপাড়ার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘পৌরকর না দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা মেয়র সাহেব মাইকযোগে ঠিকই প্রচার করেন। কিন্তু নাগরিক সুযোগ-সুবিধা না দিলে এর কি কোনো জবাবদিহিতার ব্যবস্থা নেই?৪ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আজমল হোসেন বলেন, ‘জনগণকে নাগরিক সুবিধা দিতে আমরা ব্যর্থ হয়েছি।’ পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের তত্ত্বাবধায়ক মীর তোফাজ্জল হোসেন বলেন, পানির পাইপলাইনগুলো অনেক পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় মাঝেমধ্যে পানিতে ময়লা থাকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে জুন থেকে নতুন করে পানির পাইপলাইন ও পাম্প বসানোর পরিকল্পনা করা হয়েছে।পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, দীর্ঘদিন ধরে পানির পাইপলাইনের সংস্কার করা হয় না। এ কারণে পানিতে ময়লা থাকে। তবে আশা করা হচ্ছে, এ সমস্যার সমাধান হবে।