রংপুর পৌরসভায় পানি ঘোলা, ছড়াচ্ছে দুর্গন্ধ
পানির কষ্টে দিন কাটছে রংপুর পৌরসভার কয়েক হাজার পরিবারের। পৌরসভার অধিকাংশ এলাকায় এখনো পানির লাইন বসাতে পারেনি কর্তৃপক্ষ। আর যেসব এলাকায় লাইন আছে, সেখানে সরবরাহ করা পানি ঘোলা, ময়লা ও দুর্গন্ধযুক্ত। এই পানি ফুটিয়েও পান করা যায় না।পৌরসভার বাসিন্দারা পানির নানা সমস্যা নিয়ে সম্প্রতি এসব অভিযোগ করেছেন। পানির এই সমস্যা দূর করার জন্য হনুমানতলা এলাকার কয়েক শ পরিবার গণস্বাক্ষর সংগ্রহ করে পৌর মেয়র ও পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত তত্ত্বাবধায়কের কাছে চলতি বছর বেশ কয়েকবার আবেদন করেছিল। কিন্তু আজও এ সমস্যার সমাধান হয়নি।পানি সরবরাহ কেন্দ্রের তত্ত্বাবধায়ক মীর তোফাজ্জল হোসেন বলেন, শোধনাগারের যন্ত্র খারাপ হওয়ায় এবং এ সরবরাহ লাইনের পাইপ অনেক পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় পানি ঘোলা ও অপরিষ্কার দেখাচ্ছে। একই কারণে পানি দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব সংস্কার কিংবা নতুন করে পাইপ না বসানো পর্যন্ত এ সমস্যা দূর করা সম্ভব হবে না।পৌরসভার পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, পৌর এলাকার প্রায় ৩২৫ কিলোমিটার সড়কের মধ্যে ১৩৫ কিলোমিটারে পানির পাইপলাইন আছে। শহরের রাধাবল্লভ ও রবার্টসনগঞ্জ এলাকায় স্থাপন করা দুটি শোধনাগারে ভূগর্ভ থেকে পানি ওঠানোর পর তা পরিশোধন করা হয়। পরে ওই পানি জলাধারে রাখা হয়। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে দুই দফায় পানি সরবরাহ করা হয়। পৌরসভার ৯০ হাজারের মধ্যে মাত্র ১৫ হাজার পরিবার পানি ব্যবহার করতে পারে। বাকি ৭৫ হাজার পরিবার নিজস্ব উদ্যোগে নলকূপ ও পাম্প বসিয়ে পানির চাহিদা পূরণ করে।পৌরসভার বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক মাস ধরে ঘোলা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় পৌরসভার সরবরাহ করা পানি ব্যবহার করা যাচ্ছে না। অবস্থা এতটাই খারাপ যে ওই পানি দিয়ে কাপড়ও ধোয়া যাচ্ছে না।শহরের হনুমানতলার গৃহিণী আফরোজা বেগম বলেন, একদম ঘোলা পানি, যা ব্যবহার করাই যায় না। একই এলাকার ব্যবসায়ী রমজান আলী জানান, এই পানি পান করে তাঁদের পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন-নিবেদন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি।পৌর শহরের ধাপ, হাজীপাড়া, সর্দারপাড়া, রঘুনাথপুর, চওড়াপাড়া, কেল্লাবন্দ এলাকা নিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চার ভাগের তিন ভাগ; ২ নম্বর ওয়ার্ডের সাতগাড়া, পার্বতীপুর, বালাপাড়া, রামপুরাসহ আরও কিছু এলাকা; ৪ নম্বর ওয়ার্ডের অর্ধেক এলাকা নীলকণ্ঠ, আটিয়াটারী, চিকলীর পুরো অংশ ও জলকর এলাকার কিছু অংশ এবং ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খাসবাগ থেকে মাহিগঞ্জ সাতমাথাসহ বেশ কিছু এলাকায় পানির সংযোগ নেই।রামপুরা এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, কর নেওয়ার ক্ষেত্রে পৌরসভা ঠিকই মাইকযোগে প্রচার চালায়। কিন্তু নাগরিক সুবিধা দিতে তেমন কোনো উদ্যোগ নেই।পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, নতুন লাইন স্থাপন, শোধনাগারের যন্ত্র পরিবর্তন এবং নতুন এলাকায় পানির লাইন সম্প্রসারণের জন্য পৌরসভার পক্ষ থেকে গত জুন মাসে এশীয় উন্নয়ন ব্যাংকের ঢাকা কার্যালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।