রংপুর বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পঞ্চম রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহযোগিতায় পঞ্চগড় জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরিন আখতার গতকাল সকালে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) অমল কৃষ্ণ মন্ডল। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, রংপুরের ডিসি রাহাত আনোয়ার, নীলফামারীর ডিসি জাকীর হোসেন, কুড়িগ্রামের ডিসি নুরুল আমিন, লালমনিরহাটের ডিসি আলাউদ্দিন খান ও ঠাকুরগাঁওয়ের ডিসি আবদুল আওয়াল উপস্থিত ছিলেন।
৪১টি ইভেন্টে রংপুর বিভাগের আট জেলা ও এক মহানগর থেকে প্রায় তিন শ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের সন্তানেরা অংশ নেন। অতিথিরা স্টেডিয়ামে প্রবেশ করলে তাঁদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়।