রংপুর বিভাগে করোনায় আরও আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৫০৩ জন মারা গেছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫২০ জনের। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও ও দিনাজপুরের তিনজন করে এবং লালমনিরহাট ও রংপুরের একজন করে রয়েছেন। অন্যদিকে নতুন শনাক্ত হওয়া ৫২০ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৭৮, ঠাকুরগাঁয়ের ১১৫, নীলফামারীর ২৩, পঞ্চগড়ের ৩১, কুড়িগ্রামের ৩৭, লালমনিরহাটের ৩৫, গাইবান্ধার ৩৯ ও রংপুরের ৬২ জন রয়েছেন। এখন পয৴ন্ত বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৩ জন। শনাক্তের হার ৪১ দশমিক ২১ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন।

বিভাগের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত দিনাজপুর জেলায় সর্বোচ্চ ১৮১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুর জেলায় ১১১, ঠাকুরগাঁয়ে ৭৭, পঞ্চগড়ে ২২, নীলফামারীতে ৩৮, লালমনিরহাটে ২৪, কুড়িগ্রামে ২৭ ও গাইবান্ধায় ২৩ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।