রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট, জনদুর্ভোগ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির ডাকে উত্তরের আট জেলায় গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট। মোটরশ্রমিকদের নিয়োগপত্র, বেতন-ভাতা প্রদান, ড্রাইভিং লাইসেন্স প্রদান, শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও মহাসড়কে পুলিশের ‘চাঁদাবাজি’ বন্ধসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের কারণে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সব সড়কে গতকাল বাস-ট্রাক চলাচল ছিল বন্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।‘কখনো ব্যাটারিচালিত আটোরিকশা, কখনো রিকশাভ্যানে যাত্রা, পথ যেন আর ফুরায় না, কিন্তু চিকিৎসা তো নিতে হবে, তাই যত কষ্ট হোক, আসতে হলো।’ পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না পেয়ে প্রায় ২৫ কিলোমিটার দূর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে দুর্ভোগের কথা এভাবেই বলছিলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী গ্রামের সুবল চন্দ্র। গতকাল সুবল চন্দ্রের মতো অনেককেই এমন দুর্ভোগে পড়তে হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুরের আনসার আলীর শরীরে স্যালাইন লাগিয়ে রিকশাভ্যানে করে রংপুর হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল থেকে তাঁর বাড়ির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। আনসার বলেন, ‘কী আর করা যাইবে, কেমন কষ্ট করি হাসপাতালোত যাওয়া নাগতোছে, তাতো দেইকপারে পাইতোছেন।’বাস চলাচল বন্ধ থাকায় অনেকেই ট্রেনে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। তাই গতকাল রংপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল বেশি। কিন্তু বেশির ভাগ মানুষই ট্রেনের টিকিট পাননি। রংপুর শহরের ধাপ এলাকার ব্যবসায়ী আলী আজম বলেন, ‘ভাবছিলাম ট্রেনের টিকিট পাব। কিন্তু জানলাম আগামী তিন দিনের টিকিট বিক্রি হয়ে গেছে।’ অন্যদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় বাজারে বিভিন্ন সবজিসহ মাছের সরবরাহ কমে গেছে। তার প্রভাব পড়েছে এসবের দামেও। ক্রেতাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাব হোসেন জানান, ধর্মঘটের সমর্থক শ্রমিকেরা শহরে একটি বিআরটিসির বাস ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছেন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদ বলেন, ‘এসব দাবি-দাওয়া নিয়ে বহুবার আন্দোলন করা হয়েছে। স্থানীয় প্রশাসন বারবার দাবি পূরণের আশ্বাস দিয়েছে, কিন্তু পূরণ করেনি। তাই আবার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলো।’পুলিশের একটি সূত্র জানায়, এম এ মজিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলার অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে। মূলত ওই মামলা প্রত্যাহারের দাবিতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।রংপুরের পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর গতকাল রাতে বলেন, শ্রমিক নেতাদের নিয়ে গত সোমবার রাতে বৈঠক করা হয়েছে। একপর্যায়ে নেতারা বৈঠক থেকে বেরিয়ে যান। আবার আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি জানান, বুড়িমারী স্থলবন্দরে আমদানি করা পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও পরিবহন ধর্মঘটের কারণে বন্দর ছেড়ে যেতে পারেনি। ধর্মঘটের কারণে যাত্রীবাহী বাস চলাচল না করায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।