রংপুর বিভাগে মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষক রহিম
রংপুর বিভাগের মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আবদুর রহিম। গত শুক্রবার রংপুর বিভাগীয় কমিশনার হাসান আহমেদ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সিরাজুল ইসলাম।
আবদুর রহিম ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ পাস করেন। তিনি একাধারে লেখক, নাট্যকার, শিশু সংগঠক ও কোরিওগ্রাফার। তাঁর লেখা ১৬টি শিশুতোষ নাটক জাতীয় পর্যায়ে মঞ্চস্থ হয়েছে। একটি নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত চারটি আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবে অংশ নেন। উৎসবে পরিবেশিত প্রতিটি নাটকের নির্দেশক ও নাট্যকার তিনি নিজেই। তাঁর গবেষণাধর্মী পাঁচ শতাধিক প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
বাংলা বানান ও উচ্চারণের ওপর তাঁর বিভিন্ন লেখা দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলনীর পাতায় প্রকাশ হয়েছে। তাঁর গবেষণাপত্র ‘মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন’, প্রকাশিত নাট্যগ্রন্থ, ‘মুক্তিযুদ্ধভিত্তিক এক ডজন শিশুতোষ নাটক’, ‘স্বাধীন ছিটমহল’। তাঁর গ্রন্থিত ও নির্দেশিত এ পর্যন্ত অর্ধশতাধিক কোরিওগ্রাফ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংগঠনের ব্যানারে জাতীয় দিবস ও সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। তিনি ‘কোলকাতার এসো নাটক শিখি’ প্রতিষ্ঠানের অতিথি শিক্ষক হিসেবে ২০১৭ সালের ২৮ জানুয়ারি অংশ নেন।