
ব্যালট পেপার ছিনতাই করে সিল মারা, দুই পক্ষের সংঘর্ষ—এমন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ষষ্ঠ দফায় গতকাল শনিবার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) ওই নির্বাচন হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: গঙ্গাচড়ার নয়টি ও সদর উপজেলার একটি ইউনিয়নে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। সকাল নয়টা থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে থোকে। জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নীলফামারী: সদরের চাপড়াসরমজানী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রিসাইডিং কর্মকর্তা, প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরের পাঁচটি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। উৎসবের আমেজ লক্ষ করা যায় সবখানে। বাঙ্গালীপুর ইউনিয়নের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘এত সুন্দর ভোট অতীতে দেখিনি।’ কিন্তু সৈয়দপুরের বাঙালীপুর ইউনিয়নের শিবের হাট মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহজাদা সরকার ও তাঁর সমর্থকেরা বাধা দেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি ছয়টি ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ব্যালটে সিল মারার সময় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (ফুটবল) সদস্য পদপ্রার্থী ভোটারদের হাতে ধরা পড়েন, পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
পঞ্চগড়: দেবীগঞ্জের ছয়টি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। সকালে পুরুষ আর দুপুরের পর নারী ভোটারদের ভিড় দেখা গেছে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন, প্রচণ্ড রোদ উপেক্ষা করে ভোটাররা ভোট দিয়েছেন।
দিনাজপুর: বিরলে গতকাল রানীপুকুর ছাড়া বাকি চারটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোট চলার সময় রানীপুকুরের জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকেরা বুথে ঢুকে ভোটারদের নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করেন বলে একাধিক ভোটার অভিযোগ করেন। এদিকে ওই ইউনিয়নের রানীদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটারের ইচ্ছার বিরুদ্ধে নৌকায় সিল মারার অভিযোগ উঠেছে। এক চোখ অন্ধ ও আরেক চোখ দিয়ে কম দেখেন বৃদ্ধা মরিয়ম নেছা (৭০)। তিনি বলেন, তিনি ব্যালট পেপারে নিজে সিল মারতে না পারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল ওহাবকে ধানের শীষে সিল মারতে বললে ওই কর্মকর্তা নৌকায় সিল মারেন। জানতে চাইলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহাব এ ব্যাপারে কিছুই বলেননি।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জের আট, সাঘাটার নয় ও ফুলছড়ির ছয় ইউপিতে গতকাল নির্বাচন হয়েছে। সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জের গুমানিগঞ্জ ইউনিয়নের বালুভরা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি কক্ষের ব্যালট পেপার ও বাক্স ছিনতাই হয়। এ সময় দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাতজন আহত হন।
এদিকে সকাল ১০টায় সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল ওয়াদুদের সমর্থকদের ব্যালটে সিল মেরে নেওয়ার অভিযোগ এনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মতলুবর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ ভোট বর্জনের ঘোষণা দেন। বেলা দুইটার দিকে ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিদের সমর্থকেরা ব্যালট পেপার ছিনতাই করে নৌকায় সিল মারেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকে।