রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
নবগঠিত রংপুর বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব শওকত মোস্তফা। এই নিয়োগের মধ্য দিয়ে রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। গতকাল সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।এ ছাড়া গতকাল রংপুর বিভাগে দুজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পাওয়া উপসচিব পর্যায়ের দুই কর্মকর্তা হলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র বর্মা এবং অর্থ বিভাগের উপসচিব মিয়া আবুদুল্লাহ মামুন। তবে বিভাগটিতে পুলিশের উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) অন্য সংস্থাগুলোর প্রধানের পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।গত ২৫ জানুয়ারি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সপ্তম বিভাগ হিসেবে রংপুর বিভাগের ঘোষণা দেওয়া হয়। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও—এই আটটি জেলা নিয়ে রংপুর বিভাগের যাত্রা শুরু হলো।