রংপুর বিভাগের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বশেষ প্রতিষ্ঠিত বিভাগ রংপুরের বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা নিয়ে গঠিত রংপুর বিভাগের প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হয়েছে। রংপুরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রংপুর বিভাগের অধীনে উল্লিখিত আট জেলার বিভাগীয় প্রশাসনিক ও রাজস্বসংক্রান্ত নথিপত্র ও দলিল দস্তাবেজ রাজশাহী থেকে রংপুরে আনা হয়েছে।বিজ্ঞপ্তিতে বিভাগীয় কমিশনারের দপ্তরের প্রশাসনিক ও রাজস্ববিষয়ক কাজের জন্য আট জেলার জনগণকে রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজয়নগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু: ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইছাপুরা ইউনিয়নের মির্জাপুরে একটি ভাড়া বাড়িতে বিজয়নগর উপজেলা প্রশাসনের কার্যালয় করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয়নগর উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে সেখানে উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম প্রমুখ।