রংপুর বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা রংপুর বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট আজ সোমবার বিকেল চারটায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ বিভাগীয় কমিশনার দিলোয়ার বখতের উদ্যোগে স্থানীয় প্রশাসন, মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।
মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, রোববার কেন্দ্রীয় বাস টার্মিনালে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার রাতে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজনের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ কনস্টেবলসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ লাঠিপেটা ও ৩৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।