রংপুর বিভাগের ১০ পুলিশ সদস্যকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ দমন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগের ১০ জন পুলিশ সদস্যকে গতকাল বুধবার সম্মাননা দেওয়া হয়েছে।
বিকেলে রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির। এ সময় রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনকে শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার (এসপি), রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানীকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা পাওয়া অন্য আট পুলিশ সদস্য হলেন ঠাকুরগাঁও জেলার এএসপি মিজানুর রহমান, ঠাকুরগাঁও জেলার গোয়েন্দা পুলিশে কর্মরত কনস্টেবল রুহুল আমিন, ঠাকুগাঁও জেলার সার্জেন্ট ফারুখ হোসেন, রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, পঞ্চগড়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম, দিনাজপুর গোয়েন্দা বিভাগের এএসআই রেজাউল করিম, রংপুর সদর কোর্টের সিএসআই বাবর আলী, দিনাজপুর কোতোয়ালি থানার এএসআই বিদ্যুত কুমার মজুমদার।
অনুষ্ঠানে হুমায়ুন কবির রংপুর বিভাগে মাদক নির্মূল করার জন্য পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।