রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাসের দাবি

রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাসে সরবরাহের দাবি জানিয়েছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি ও খনিজ সম্পদ। এ ছাড়া কৃষিপ্রধান অঞ্চল হলেও এখানে কোনো সার কারখানা গড়ে ওঠেনি। বক্তারা এই বিভাগের অসম বৈষম্য দূর করে অবিলম্বে রংপুর বিভাগের আটটি জেলায় গ্যাস সরবরাহ করার দাবি জানান। এ ছাড়া দিনাজপুরে ক্যাডেট কলেজ স্থাপন, দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, পঞ্চগড় জেলাকে পর্যটন এলাকা ঘোষণা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, নীলফামারী ইপিজেডকে পূর্ণাঙ্গ ইপিজেডে রূপান্তর, লালমনিরহাটকে শিল্পনগরী ঘোষণা, বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়নের ব্যবস্থা, কুড়িগ্রামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রংপুর হতে কালিগঞ্জ ও বগুড়া হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সরাসরি রেলপথের দাবিও জানান তারা।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নূরুল নবীসহ প্রমুখ।