রংপুর মহানগর বিএনপি সভাপতি নিখোঁজ!
রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, সাদাপোশাকের একদল লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে গেছেন।
মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন অভিযোগ করেন, রাত তিনটার দিকে সাদাপোশাক পরা একদল লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে শহরের শালবনের বাড়ি থেকে তাঁকে ধরে নিয়ে গেছেন। গতকাল শুক্রবার সকালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যালয় (র্যা ব) ও কোতোয়ালি থানায় গিয়ে তিনি তাঁর স্বামীর সন্ধান করেছেন। কিন্তু কোনো খোঁজ পাননি।
গতকাল বিকেলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এখনো তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। তবে মোজাফফরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন।
রযাা ব-১৩ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’
মোজাফফর হোসেনের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর স্ত্রীসহ স্বজনেরা। সুফিয়া বলেন, ‘আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করলেও রংপুরে কখনো সহিংস কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি নির্দোষ। আমি স্বামীর সন্ধান চাই।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের নেতা মোজাফফর হোসেনের সন্ধান দাবি করছি।’