রংপুর মেডিকেল উত্তপ্ত কুশপুত্তলিকা দাহ
বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) রংপুর শাখার নির্বাচন নিয়ে স্থানীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজ চত্বরে নির্বাচন পরিচালনা কমিটির পদত্যাগী আহ্বায়ক আবদুল বাকীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএমএ রংপুর শাখার নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আজ রোববার। ২৮ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২০ মে নির্বাচন হওয়ার কথা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ চত্বরে স্বাচিপের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে আবদুল বাকীর বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। পরে মিছিলকারীরা তাঁর (বাকী) কুশপুত্তলিকা দাহ করেন। এর কিছুক্ষণ পর আবদুল বাকীর পক্ষে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে পাল্টা মিছিল বের হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।বাকী অভিযোগ করেন, ‘১৫ এপ্রিল কয়েকজন চিকিৎসক আমার কক্ষে ঢুকে আমাকে ভয়ভীতি দেখান। এ কারণে আমি ১৬ এপ্রিল বাধ্য হয়ে পদত্যাগ করি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলাও করেছি।’মির্জা নজরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি-সমর্থিত সংগঠন ড্যাবের সহযোগিতায় একটি পক্ষ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ককে দিয়ে অনেক ভুয়া ভোটার নিবন্ধন করায়। এতে চিকিৎসকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ কারণে তিনি (বাকী) স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁকে পদত্যাগে বাধ্য করেননি।এদিকে বাকীর পক্ষের দেলোয়ার হোসেন বলেন, পরাজয়ের আশঙ্কায় একটি পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, আবদুল বাকীকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে মর্মে মামলা রয়েছে। গতকাল কুশপুত্তলিকা দাহ ও পাল্টাপাল্টি মিছিলে মেডিকেল চত্বর উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।