রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ছাত্রলীগ। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষানবিশ চিকিৎসক পুলক খন্দকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে। কলেজ সূত্র জানায়, ধর্মঘটের কারণে কলেজে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভিযোগ করেন, গত সোমবার রাতে ডা. পিন্নু ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে পুলকের নেতৃত্বে হামলা চালিয়ে রেজওয়ানুরকে ছুরিকাঘাত করা হয়। তাই পুলকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও কলেজ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে তাঁরা এ ধর্মঘট পালন করছেন। শিক্ষানবিশ চিকিৎসক পুলক খন্দকার ছাত্রলীগের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিকল্পিতভাবে এ ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা প্রথম আলোকে জানান, এ ঘটনায় গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এতে কাউকে অভিযুক্ত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।