রংপুর মেডিকেল কলেজ ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনের পর দুই পক্ষ মারমুখী অবস্থান নেওয়ায় সহিংস পরিস্থিতি এড়াতে কলেজ কর্তৃপক্ষ গতকাল রোববার এ সিদ্ধান্ত নেয়। গতকাল সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে গত শনিবার সংগঠনটির হাসানুল হক ও কুতুব উদ্দিনের নেতৃত্বে একটি পক্ষ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর প্রতিবাদে নতুন কমিটির সভাপতি আশরাফুল হক খন্দকারের নেতৃত্বে শনিবার রাতেই পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। গতকাল দুই পক্ষ ক্যাম্পাসে আবারও বিক্ষোভ মিছিল করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলেজ সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আবদুর রউফের সভাপতিত্বে গতকাল একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। এতে আজ সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ এবং গতকাল সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষার্থীরা ছাত্রাবাসে অবস্থান করতে পারবেন। পরীক্ষাগুলোও যথারীতি চলবে বলে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, পূজা উপলক্ষে ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কলেজে নির্ধারিত ছুটি ছিল।কুতুব উদ্দিন অভিযোগ করেন, নিয়ম ভঙ্গ করে নতুন কমিটি করা হয়েছে। এই কমিটি বাতিল করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আশরাফুল হক দাবি করেন, নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পূজার ছুটি বাড়িয়ে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।