রংপুর মেডিকেল কলেজ শনিবার খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যাওয়া রংপুর মেডিকেল কলেজ আগামী শনিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। আগামীকাল শুক্রবার শিক্ষার্থীদের হোস্টেল খুলে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, কলেজের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কলেজ একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়। সভায় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আবু তালেবসহ সব বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, কাল কলেজের ছাত্রাবাস মুক্তা, পিন্নু, হেলিপ্যাড এবং মহিলা হোস্টেল খুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে হোস্টেলে ঢুকতে হবে। এ ছাড়া শনিবার থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চলবে।

১৫ এপ্রিল ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সব শিক্ষার্থীকে হোস্টেল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।