রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও মেডিকেল কলেজে কোনো ক্লাস হয়নি।এদিকে দুই নেতার ওপর হামলার ঘটনায় গতকাল রংপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার। এজাহারে আসামি হিসেবে কারও নাম উল্লেখ নেই।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্লাস বর্জন করে গতকাল সকাল নয়টা থেকে থেমে থেমে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে তাঁরা কলেজের উপাধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেন। এতে গত সোমবার ভোরে ডা. মুক্তা ছাত্রাবাসের নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ছাড়া ডা. মুক্তা ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের অপসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য কলেজ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন করার দাবি জানানো হয়।গতকালও ক্যাম্পাসে দিনভর উত্তেজনা বিরাজ করে। মোতায়েন ছিল ব্যাপক দাঙ্গা পুলিশ। আহত দুই ছাত্রলীগ নেতা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার বলেন, ‘আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মীর্জা মো. নজরুল ইসলাম বলেন, ‘ধর্মঘট প্রত্যাহারের জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আমরা দফায় দফায় বৈঠক করছি। দেখা যাক কী হয়।’ কলেজ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন প্রসঙ্গে উপাধ্যক্ষ বলেন, ‘বিষয়টি আমাদের এখতিয়ারে নেই। এ ব্যাপারে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’ কোতোয়ালি থানার উপপরিদর্শক গোলাম মাহফুজ রহমান বলেন, ‘হামলার পর থেকে আমরা ঘটনার তদন্ত করছি।