রংপুর মেডিকেল কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ
রংপুর মেডিকেল কলেজের জিয়া ছাত্রাবাসে গতকাল সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পুলিশ ৩০ জনকে আটক করেছে। কলেজের ছাত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কলেজের অধ্যক্ষ সম্প্রতি জিয়া হলের কিছু সিট ছাত্রলীগের কর্মীদের নামে বরাদ্দ দেন। ছাত্রলীগের কর্মীরা গতকাল রাতে সেই সিটগুলোতে উঠতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু উভয় পক্ষ ছাত্রাবাসের ভেতরে ও বাইরে চার ভাগে বিভক্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। রংপুর জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে জানান, ছাত্রাবাসে আসন বণ্টন নিয়ে এ সংঘর্ষ বাধে। প্রথমে সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শিবিরকর্মীরা ছাত্রাবাসের বাইরে থেকে দ্বিতীয় দফায় হামলা চালালে পরিস্থিতি আবার উত্তেজনাকর হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে অনেক শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ ছাত্রাবাসে আসন বণ্টনের কথা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের কর্মীরা আসনগুলো নেওয়ার জন্য ছাত্রাবাসে গেলে শিবিরকর্মীরা তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।কলেজের একটি সূত্র জানায়, অধ্যক্ষ যেসব সিট ছাত্রলীগের কর্মীদের নামে বরাদ্দ দিয়েছেন, সেগুলোতে আগে থেকেই শিবিরের কর্মীরা অবস্থান করছিলেন।