রংপুর মেডিকেল থেকে কারাগারে দুই সাঁওতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল অধ্যুষিত এলাকায় সহিংস ঘটনায় আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই সাঁওতালকে আজ মঙ্গলবার গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামের বিমল কিছকু (৪০) ও চরণ সরেন (৫০)।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, তাঁরা দুজনই আপাতত সুস্থ হয়ে ওঠায় তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ সকাল ১০টার দিকে তাঁরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। হাসপাতাল সূত্র আরও জানায়, তিনজন সাঁওতাল চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে দ্বিজেন টুডুকে উন্নত চিকিৎসার জন্য গত ১০ নভেম্বর ঢাকায় পাঠানো হয়। অন্য দুজন রংপুরেই চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের প্রধান শফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিমলের বাঁ পায়ের বুড়ো আঙুলে গুলির ক্ষত এবং ডান পায়ের হাঁটুতে ক্ষত ছিল। তিনি এখন সুস্থ। আর অন্যজন চরণ সরেনও সুস্থ। তাই তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা-পুলিশ জানায়, সেদিনের সহিংস ঘটনায় পুলিশ আহত হওয়ায় উপপরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ৪২ জনের নামে এবং ৪০০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা করেছেন। সেই মামলায় চারজন গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দুজন এবং ঢাকায় চিকিৎসাধীন একজন ছিলেন। এ ছাড়া মারজিয়া এমব্রম (৪০) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, চিকিৎসক ছাড়পত্র দেওয়ায় এবং মামলার আসামি হওয়ার কারণে তাঁদের আজ দুপুরের দিকে রংপুর মেডিকেল থেকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে গতকাল সোমবার রাতে বিমলের হাতকড়া খুলে দেওয়া হয়।