রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। একই সঙ্গে তাঁরা আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কর্মবিরতি পালন করছেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এই কর্মসূচি দিয়েছে।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ইন্টার্ন চিকিৎসক সুমন আলী গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে ইন্টার্ন হলে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। সম্প্রতি এ রকম সাতটি ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহকে এ ব্যাপারে জানানো হয়েছিল। কিন্তু কাজ হয়নি। তাই আজ বিকেলে এক বৈঠকে কর্মবিরতি পালন ও অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামীকাল শনিবার হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দেওয়া হবে। আর আগামীকাল সকাল ১০টায় বিক্ষোভ করা হবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।