রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট
নিরাপত্তার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা আজ শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা বিধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই ধর্মঘট চলবে বলে হুমকি দেন তাঁরা। ।
এদিকে ধর্মঘটের কারণে হাসপাতালে রোগীদের সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চিকিৎসক পরিষদের ডাকে ধর্মঘটের কারণে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দেননি। তাঁরা তাঁদের নিরাপত্তা বিধানের দাবিতে সকাল ১০টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর পরিচালককে স্মারকলিপি দেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে ক্যাম্পাসে অবস্থিত ইন্টার্ন হলে ফিরতে মেডিকেল কলেজের শহীদ মিনারের পাশে ইন্টার্ন চিকিৎসক সুমন আলীকে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে অস্ত্রের মুখে মুঠোফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়। অতি সম্প্রতি ওই একই এলাকায় সাতজন ইন্টার্ন চিকিৎসক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকের কাছে একাধিকার স্মারকলিপি দিয়েছেন। তখন নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে বৈঠক করে তাঁরা এই সিদ্ধান্ত নেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদুর রহমান ওরফে রিফাত বলেন, ‘আমরা বারবার আমাদের নিরাপত্তার দাবি জানিয়ে আসছি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলা হলেও আমাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। তাই আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’
আজ দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত হাসপাতালে সরেজমিনে মেডিসিন, সাজির্কেল, শিশু ওয়ার্ডসহ আরও কিছু ওয়ার্ড ঘুরে দেখা যায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ অন্যান্য চিকিৎসকদের।
মেডিসিন ৩ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজন ইনছার আলী অভিযোগ করে বলেন, ‘কাইল রাইত থাকিয়া কষ্ট হইতোছে। সকালে বড় ডাক্তার আসি দেখি গেইলেও শুনছি দুপুরের পর ফির ডাক্তার থাকপে না।’ এমনি করে অভিযোগ করেন আরও অনেকে।
এ ব্যাপারে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের প্রাণ। এরপরও উদ্ভূত পরিস্থিতিতে অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ রেজিস্ট্রার দিয়ে চিকিৎসা সেবার কোনো ত্রুটি করা হচ্ছে না। তবে প্রচণ্ড গরমে হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। এরপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতালের পরিচালকের কক্ষে চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়। তবে সমাধান হয়নি। সেখান থেকে পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা ইস্টার্ন চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি।