রংপুর মেডিকেলে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের পর আজ সোমবার বেলা আড়াইটা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন। সেই সঙ্গে তাঁদের দাবি পূরণে ক্যাম্পাসে পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। নিরাপত্তা বিধানের দাবিতে ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহ্বানে গত শুক্রবার সন্ধ্যা থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
আজ বেলা ১১টায় মেডিকেল কলেজ অধ্যক্ষের সম্মেলন কক্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাদের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে পুলিশ বক্স স্থাপনের দাবি পূরণ হওয়ায় ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে শহীদ মিনারের পাশে একটি পুলিশ বক্স নির্মাণকাজের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। এ সময় কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী লাইজু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সৈয়দ মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদার রহমান বলেন, ‘উল্লেখযোগ্য দাবির একটি দাবি পূরণ হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছি।’
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ বক্সের উদ্বোধন হলো।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে ক্যাম্পাসের ইন্টার্ন হলে ফেরার সময় শহীদ মিনারের পাশে ইন্টার্ন চিকিৎসক সুমন আলীর মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে লাঞ্ছিত করা হয়। সম্প্রতি ওই একই এলাকায় সাতজন ইন্টার্ন চিকিৎসক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও পুলিশ ক্যাম্পের দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।