নীলফামারীতে জামায়াত-শিবিরের সশস্ত্র হামলায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ১১ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল ইসলাম (৬০) ও মীরগঞ্জ এলাকার লিমন (২৫)। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
আজ হাসপাতালে গিয়ে দেখা যায়, শহিদুল ইসলাম হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন। সশস্ত্র জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর এক পায়ের রগ কেটে দিয়েছেন। এ ছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর লিমন ১৯ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় ছটফট করছেন। তাঁর মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিত্সক আবু তালেব জানান, শহিদুল ইসলামের পায়ের রগ কেটে দেওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। আর নিউরো সার্জারি বিভাগের চিকিত্সক রেজাউল আলম জানান, লিমনের মাথায় আঘাত রয়েছে।
আহত অন্যরা হলেন নীলফামারী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন (২৮), কলেজপাড়ার রুহুল আমিন (৩৫), দীঘলডাংগীর হাবিবুর রহমান (৩০), বাইশপুকুরের বক্কর (২৮), ডোমারের মেলাপাড়া এলাকার হান্নান (৩২), সদর উপজেলার শুকাইন এলাকার বারেক ভরসা (৩৫), শুকানপুকুর এলাকার জাহেদুল (৪০), বালাপাড়া এলাকার জ্যোতিষ (৩৮) ও শান্তিনগর এলাকার মানিক (২৮)। তাঁরা ১৯ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন।
হাসপাতালের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, আহতদের চিকিত্সার কোনো ত্রুটি হচ্ছে না। তাঁদের সার্বক্ষণিক চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে।
জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে গতকাল শনিবার বিকেলে জামায়াত-শিবির হামলা চালালে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচজন নিহত হন। তবে সাংসদ নূর অক্ষত আছেন।
আসাদুজ্জামান নূর জানান, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর দলটির নেতা-কর্মীরা নীলফামারী সদরের বিভিন্ন গ্রামে তাণ্ডব চালায়। এসব ঘটনা দেখতে তিনি গতকাল সকাল থেকে পলাশবাড়ীর তরুণীবাড়ী, হরীতকীতলা ও লক্ষ্মীচাপ ইউনিয়নের কাছারীবাজার শীশাতলী ও লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামচরণ রায়ের বাড়ি পরিদর্শন করেন। বিকেলে নীলফামারী শহরে ফেরার পথে জামায়াত-শিবির তাঁর গাড়িবহরে হামলা চালায়। প্রায় সোয়া ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় তিনি পুলিশি পাহারায় তাঁর নীলফামারীর বাসভবনে পৌঁছান।