রংপুর মেডিকেলের চুরি যাওয়া ওষুধ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধ গতকাল শুক্রবার কলেজের পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির মালিক আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকার একটি বাড়িতে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে সেখান থেকে ৩০ প্রকারের বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করে। এসব ওষুধের প্যাকেটে সিল রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যা বিক্রির জন্য নয়।গ্রেপ্তার হওয়া আবদুর রহিম গতকাল দুপুরে কোতোয়ালি থানায় সাংবাদিকদের জানান, এই সরকারি ওষুধ সেখানকার কতিপয় নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারীদের মাধ্যমে চুরি হয়ে থাকে। এসব ওষুধ তিনি কিনে নেন তাঁদের কাছ থেকে। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, বছরের পর বছর এই চোরাই ব্যবসা চলে আসছে। এসব ওষুধ তিনি বিভিন্ন ক্লিনিক ও গ্রামের ওষুধের দোকানে বিক্রি করেন। আবদুর রহিমের উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা নূরে আলম বলেন, উদ্ধার করা ওষুধগুলোতে হাসপাতালের সিল রয়েছে।