রংপুর মেডিকেলের তিন ওয়ার্ডে একটি নেবুলাইজার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের তিনটি ওয়ার্ডে ৯৯টি শয্যা আছে। প্রতিদিনই শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি হয়। শয্যা ও রোগী অনুপাতে এখানে কমপক্ষে ৩০টি নেবুলাইজার যন্ত্র প্রয়োজন। কিন্তু গত কয়েক দিন ধরে মাত্র একটি নেবুলাইজার দিয়ে এ তিন ওয়ার্ডের রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এতে শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগের তিনটি ওয়ার্ডে প্রতিদিন কমপক্ষে ১২০ থেকে ১৫০ জন রোগী থাকে। এদের মধ্যে ১০-২৫ শতাংশ রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। এসব রোগীর সমস্যা বেশি হলে নেবুলাইজার যন্ত্রের মধ্যে ওষুধ দিয়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০টি নেবুলাইজার যন্ত্র থাকলে ভালো হয়। অনেক সময় ধনী রোগীরা হাসপাতালে আসার সময় এ যন্ত্র নিয়ে আসে। এর দাম দুই হাজার থেকে চার হাজার টাকা। কিন্তু গরিব রোগীদের পক্ষে এত টাকা খরচ করে ওই যন্ত্র কেনা সম্ভব হয় না। তাই এটি না থাকলে তাঁদের সমস্যাই বেশি হয়। গত ২৯ জানুয়ারি বিকেলে হাসপাতালের মেডিসিন বিভাগের ওই তিন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, একটি মাত্র নেবুলাইজার যন্ত্র নিয়ে সেবিকারা শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। গত ২৯ জানুয়ারি মেডিসিন বিভাগের দুই নম্বর ওয়ার্ডে ছিলেন জুলেখা খাতুন (৬০) নামে এক রোগী। নেবুলাইজার যন্ত্রের সংকটের কারণে ওই দিন কয়েক ঘণ্টা ধরে তিনি শ্বাসকষ্টে ভোগেন। পরে অন্য ওয়ার্ড থেকে এটি এনে তাঁকে সেবা দেওয়া হয়। ২ নম্বর ওয়ার্ডের আরেক রোগী মাহফুজা বেগম বলেন, ‘একসঙ্গে কয়েকজন রোগীর শ্বাস নিতে কষ্ট হইলে এই মেশিনটি পেতে অনেক দেরি হয়। এ কারণে আমরা কষ্ট পাচ্ছি।’ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন জানান, শিগগিরই ওয়ার্ডগুলোতে নেবুলাইজার যন্ত্র সরবরাহের ব্যবস্থা করা হবে।